‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও দুর্যোগ মোকাবিলার ওপর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার আতিকুর রহমান। তিনি বাসা-বাড়িতে ব্যবহৃত সিলিন্ডার বা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ এবং ভূমিকম্পের সময় ও পরবর্তী সময়ে কীভাবে আত্মরক্ষা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়, সে বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, দুর্যোগ ঠেকানো না গেলেও সচেতনতা ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। প্রতিটি ঘর থেকে সচেতনতার চর্চা শুরু হলে পুরো দেশকে একটি দুর্যোগ-সহনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
Leave a Reply