বোয়ালমারী প্রতিনিধি :শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলার দাদপুর ইউনিয়নের ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে বোয়ালমারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতার্কিকরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এর নেতিবাচক প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি ও বিশ্লেষণ উপস্থাপন করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও যুক্তিনির্ভর বক্তব্যে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা খাতুন এবং কাদিরদী কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মোল্যা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। একই সঙ্গে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম ইসলাম তোহা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা, সততা ও নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply