বোয়ালমারী প্রতিনিধি: সারা দেশের মতো ফরিদপুরের বোয়ালমারীতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম এবং বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ করে তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন পৌরসভাসহ উপজেলার ১০ ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। এতে শ্রেষ্ঠ ৩ আঁকিয়া ছাড়াও প্রতিটি ক্লাবের ১ জনকে শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।
Leave a Reply