বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমি সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
এতে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম ও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বিদ্যালয়ের সাবেক শিক্ষক কাওসার আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, বাগুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবক রোমানা আলম, শিক্ষিকা সুবর্ণা রায় লিপা, ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিত খান রাব্বি প্রমুখ।
সমাবেশে বিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ জন অভিভাবক অংশ নেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছ থেকে উন্মুক্ত মতামত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধারে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শতবর্ষী প্রতিষ্ঠানটিকে সরকারি করার বিষয়ে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে । কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না । মাদক বা ধূমপানে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে। এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষক বিদ্যালয়ের বা বাইরের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন না। প্রাইভেট বাণিজ্য, কোচিং বাণিজ্য যুক্ত না হওয়া ও পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সঙ্গে পাঠদানে মনোনিবেশ করারও আহ্বান জানান তিনি।
এ ছাড়া বিদ্যালয়ের ভূমিদাতা দানবীর ছবদু মিয়ার নামে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন অথবা তার নামে বোয়ালমারী স্টেডিয়ামের নামকরণের প্রস্তাব পুনরায় তুলে ধরেন খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানের শেষপর্বে বোয়ালমারী জর্জ একাডেমির ১৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬৮ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে ১ হাজার টাকার প্রাইজবন্ড উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
Leave a Reply