বোয়ালমারী প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের আদলে ফরিদপুরের বোয়ালমারীতে আয়োজিত ব্যতিক্রমধর্মী ৪৮ দলীয় মিনি বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বার্তা স্পোর্টিং ক্লাব।১৩জুন উদ্বোধনের মধ্যে শুরু হওয়া টুর্নামেন্ট রবিবার (১৯ জুলাই) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে প্রায় এক মাসব্যাপী এ আয়োজনের।
রবিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে তারা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বার্তা স্পোর্টিং ক্লাব।
বিশ্বকাপের আদলে ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট ঘিরে শুরু থেকেই উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিদিনই বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে বোয়ালমারী জর্জ একাডেমি খেলার মাঠ বা বোয়ালমারী স্টেডিয়াম মুখর হয়ে ওঠে।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রায় ১৫ হাজার দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ গঠনেরও একটি শক্তিশালী উপায়। তরুণদের মাদক, তামাক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করাই ছিল আমাদের মূল লক্ষ্য।’
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ আয়োজন শুধু ফুটবলের প্রতি আগ্রহই বাড়ায়নি; তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতেও ইতিবাচক ভূমিকা রেখেছে।
ফাইনাল খেলার শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে পৌর ৬ নম্বর ওয়ার্ড একাদশের কয়েকজন সমর্থক প্রতিবাদ জানালে সাময়িকভাবে খেলা বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা শেষ করা হয়।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি সাইফ দোহা। তাঁকে সহায়তা করেন সহকারী রেফারি আব্দুল কাদের তুহিন ও করিব হোসেন।টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. আশিক, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সামিউল এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন সিহাব।
পুরো টুর্নামেন্টে ধারাভাষ্য দেন মো. রইচউদ্দিন, আল-আমিন নিবির, শরীফ আল-আমিন সোহান ও মতিউর মুন্না।
Leave a Reply