‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে অর্ধশতাধিক গাছের চারা রোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর শাখা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে এসব চারা রোপণ করা হয়।
কর্মসূচির আওতায় বোয়ালমারী সরকারি কলেজ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, বোয়ালমারী জর্জ একাডেমিসহ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়কের পাশে মেহগনি, রেইনট্রি, পেয়ারা, কাঁঠাল, আমলকি ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
জাতীয় পর্যায়ে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে। সরকারি পরিকল্পনায় শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ, সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ খান রাব্বি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রদল কাজ করে যাচ্ছে। আমরা চাই সারা বাংলাদেশ সবুজে ছেয়ে যাক।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন, বিএনপি নেতা মহিবুল ইসলাম তুহিন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন, আহ্বায়ক সদস্য মাজহারুল ইসলাম, ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিনসহ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply